A camp under the West Bengal government's "Amader Para, Amader Samadhan" initiative was organized at Kuldiya in Molandighi, located in the Kanksa block of Durgapur, Paschim Bardhaman district.
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসা ব্লকের মলানদিঘীর কুলডিয়ায় আয়োজিত হয়েছিল রাজ্য সরকারের "আমাদের পাড়া, আমাদের সমাধান" কর্মসূচির শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তাঁর সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নমবলম এস এবং দুর্গাপুরের মহকুমাশাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়। তাঁরা সরাসরি উপস্থিত থেকে স্থানীয় মানুষের নানা সমস্যার কথা শোনেন ও সমাধানের আশ্বাস দেন।
তবে শিবিরের পাশেই ধরা পড়ল এক ভিন্ন চিত্র। সিপিএমের দলীয় কার্যালয়ে বসেছিল আরেক সহায়তা শিবির, যেখানে পঞ্চায়েত সদস্য সুনীল টুডু এবং দলের অন্যান্য কর্মীরা ফর্ম পূরণের কাজ করছিলেন সাধারণ মানুষের জন্য।
সিপিএমের ২ নম্বর এরিয়া কমিটির সদস্য সন্দীপন বন্দ্যোপাধ্যায় জানান, "আমরাও মানুষের সমস্যা শুনছি। যারা সরকারি ফর্ম নিয়ে আসছেন, আমরা তাদের তা পূরণ করে সাহায্য করছি।"
এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, “৩৪ বছর ধরে তারা কোথায় ছিল? সহযোগিতা করছে না অসহযোগিতা করছে, তা আমার নজরে পড়েনি। তবে আমাদের সরকার মানুষের পাশে থেকে নিরলস কাজ করে চলেছে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে মানুষের ছোট ছোট সমস্যার সমাধান হচ্ছে।"

