Science Talent Search Examination: 708 candidates at Gopalpur High School Centre.
অমৃতা দাশ,পশ্চিম বর্ধমান: ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও জ্ঞানচর্চার প্রসারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে আয়োজিত হল বিজ্ঞান মেধা অভীক্ষা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্র, কাঁকসার উদ্যোগে এবং জেলা কমিটির পরিচালনায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কাঁকসা ব্লকের মোট ছ’টি কেন্দ্রে এই অভীক্ষার আয়োজন করা হয়েছে। তার মধ্যে অন্যতম গোপালপুর হাই স্কুল। এই কেন্দ্রে বাংলা ও ইংরেজি মাধ্যমের দ্বিতীয় থেকে দশম শ্রেণির মোট ৭০৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলা মাধ্যমে ৬০২ জন এবং ইংরেজি মাধ্যমে ১০৬ জন পরীক্ষার্থী রয়েছে। গোপালপুর ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ৩০টি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি কয়েকটি বেসরকারি ও ইংরেজি মাধ্যমের স্কুলের ছাত্রছাত্রীরাও এই পরীক্ষায় অংশ নেয়।
এদিন পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক-অভিভাবিকারাও উল্লেখযোগ্য সংখ্যায় উপস্থিত ছিলেন। তাঁদের নিয়ে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এ বছরও বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যপদ গ্রহণ এবং সংগঠনের বিজ্ঞানবিষয়ক জনপ্রিয় পত্রিকা সংগ্রহ ও প্রচারের বিষয়েও উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকদের বক্তব্য, ২০১৮ সাল থেকে এই বিজ্ঞান মেধা অভীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথমদিকে কাঁকসা গার্লস হাই স্কুলে একটি মাত্র কেন্দ্রে পরীক্ষা নেওয়া হত। পরবর্তীকালে কেন্দ্রের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। এ বছর সমগ্র পশ্চিম বর্ধমান জেলায় প্রায় ২,৬০০ জন পরীক্ষার্থী এই অভীক্ষায় অংশগ্রহণ করছে বলে জানান তাঁরা।
পরীক্ষা দুপুর ১২টা পর্যন্ত চলার কথা। নভেম্বর মাসের শেষের দিকে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে উদ্যোক্তারা জানান। চলতি বছরের মধ্যেই পরীক্ষার্থীদের ফলাফল ও সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করারও চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে।
এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্র, কাঁকসার সভাপতি অরুণ কিরণ চট্টোপাধ্যায়, যিনি পশ্চিম বর্ধমান জেলা কমিটির কার্যকরী সভাপতির দায়িত্বেও রয়েছেন। এছাড়াও উপস্থিত ছিলেন গোপালপুর বিজ্ঞান চক্রের সভাপতি এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্রের সহ-সভাপতি, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ডুমরুপরেশ মণ্ডল।
বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ আগামী দিনে আরও বেশি ছাত্রছাত্রীকে বিজ্ঞানচর্চায় উৎসাহিত করবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

