A wave of joy in Durgapur following BJP’s victory, festive atmosphere with distribution of laddus
অমৃতা দাশ, দুর্গাপুর - চৌঠা মে রাজ্য বিধানসভার ফলাফল ঘোষণার পর স্পষ্ট হয়েছে যে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আগামী পাঁচ বছরের জন্য রাজ্যের ক্ষমতায় বসতে চলেছে। এই জয়ের খবরে রাজ্যজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় তাঁরা নিজেদের মতো করে সাধারণ মানুষের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিচ্ছেন।
মঙ্গলবার সকালে দুর্গাপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের এক নম্বর মন্ডলের বিজেপি যুবকর্মীরাও এই আনন্দে সামিল হন। গলফ নগর সংলগ্ন এলাকায় তাঁরা স্থানীয় দোকানদার, পথচারী, টোটো, অটো ও বাসচালকদের মধ্যে লাড্ডু বিতরণ করে খুশি ভাগ করে নেন।
এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা যুবক প্রসূন দে জানান, গত ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেসের শাসনে রাজ্যবাসী যে অত্যাচারের শৃঙ্খলে আবদ্ধ ছিল, সেখান থেকে এখন মুক্তি মিলেছে। সেই আনন্দ উদযাপন করতেই তাঁদের এই ক্ষুদ্র উদ্যোগ। তিনি আরও বলেন, নতুনভাবে রাজ্যকে গড়ে তোলার স্বপ্ন নিয়ে সকলের সঙ্গে মিলেই এই আনন্দ ভাগ করে নেওয়া হচ্ছে।

