দুর্গাপুরে শুরু হল জাতীয় দাবা প্রতিযোগিতা। মঙ্গলবার থেকে দুর্গাপুরে শুরু হয়েছে জাতীয় দাবা প্রতিযোগিতা। শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে বসেছে এই দাবার আসর, যা আগামী ২৩ তারিখ পর্যন্ত চলবে। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর ইস্পাত কারখানার ডাইরেক্টর ইনচার্জ বিজেন্দ্র প্রতাপ সিং, পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
দেশের ২৮টি রাজ্য থেকে ৪১০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বিজয়ীরা আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন, এমনটাই জানান উদ্যোক্তারা।
পশ্চিম বর্ধমান জেলা দাবা অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন, "এই প্রতিযোগিতা ঘিরে শহরবাসীর মধ্যে বাড়তি উৎসাহ রয়েছে। আমরা আশাবাদী, ভবিষ্যতে শহরে আরও বড় প্রতিযোগিতার আয়োজন করতে পারব।"

