Saturday, 20 Jun 2026

জম্মুতে সেনা মহড়ায় দুর্ঘটনা, শহীদ দুর্গাপুরের জওয়ান

IMG

Accident During Army Drill in Jammu, Durgapur Soldier Martyred

দুর্গাপুরের মামরা বাজার এলাকার বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা অজয় জয়সওয়াল জম্মুতে সেনাবাহিনীর মহড়া চলাকালীন এক দুর্ঘটনায় শহীদ হন বলে সেনাসূত্রে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে তাঁর পরিবার এবং গোটা এলাকা।

বৃহস্পতিবার বিকেলে শহীদ জওয়ানের মরদেহ বিমানে করে দুর্গাপুর বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় পানাগড় বায়ুসেনা ঘাঁটিতে। পরে শুক্রবার সকালে তাঁর মরদেহ নিয়ে আসা হয় নিজের বাড়ি মামরা বাজারের বিদ্যাসাগর পল্লীতে।

বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং এলাকার অসংখ্য মানুষ শেষবারের মতো শহীদ জওয়ানকে শ্রদ্ধা জানান। শোকঘন পরিবেশে সকলেই দেশরক্ষায় তাঁর আত্মবলিদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এই সময় উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস, প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়, সমাজসেবী উজ্জ্বল মুখোপাধ্যায়, শ্রীপুর সাহা এবং পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়সহ একাধিক প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিত্ব।

মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, কর্তব্যরত অবস্থায় একজন সেনা জওয়ানের এই অকাল প্রয়াণ অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।

অন্যদিকে বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায় বলেন, “এই সেনা জওয়ানের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। খবর পাওয়ার পর থেকেই আমরা তাঁর পরিবারের পাশে রয়েছি।”

এছাড়াও বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, দেশমাতৃকার রক্ষায় সেনা জওয়ান অজয় জয়সওয়ালের এই আত্মত্যাগ অত্যন্ত বেদনাদায়ক ঘটনা।

উল্লেখ্য, শহীদ জওয়ান অজয় জয়সওয়ালের বয়স ছিল প্রায় ২৮ বছর। তিনি অবিবাহিত ছিলেন। তাঁর অকাল প্রয়াণে পরিবার, প্রতিবেশী এবং সমগ্র দুর্গাপুরবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দেশের জন্য তাঁর এই আত্মত্যাগকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে মানুষ।

Share: