Actor Parambrata Chatterjee inaugurates ‘Health Carnival’ in Durgapur
শিল্পাঞ্চল দুর্গাপুর এক অভিনব ও ব্যতিক্রমী স্বাস্থ্য উৎসবের সাক্ষী রইল। শহরের একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালের ২৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘স্বাস্থ্য কার্নিভাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্য সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের ভূয়সী প্রশংসা করলেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
শনিবার দুপুরে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে কার্নিভালের শুভ সূচনা করেন পরমব্রত। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “স্বাস্থ্যসাথী কার্ড সাধারণ মানুষের কাছে এক বড় স্বস্তির নাম। এই প্রকল্পের মাধ্যমে আজ বহু মানুষ ব্যয়বহুল চিকিৎসার সুযোগ পাচ্ছেন। সংশ্লিষ্ট হাসপাতালটি এই পরিষেবা অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।” তাঁর বক্তব্যে বারবার উঠে আসে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার অধিকারের বিষয়টি।
এই অনুষ্ঠানে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন ডিএমসি-র বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর-এর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি। আয়োজকদের তরফে জানানো হয়, এই স্বাস্থ্য কার্নিভাল শুধুমাত্র একটি উদযাপন নয়, বরং জনসেবার এক গুরুত্বপূর্ণ মঞ্চ।
কার্নিভালে হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অর্থোপেডিক (হাঁটু ও কোমর), নারী ও প্রসূতি রোগসহ একাধিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সরাসরি রোগীদের পরামর্শ দিচ্ছেন। শিশুদের জন্য রাখা হয়েছে বিশেষ জোন, যেখানে খেলাধুলা ও আনন্দের মধ্য দিয়ে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও মহিলাদের জন্য আয়োজন করা হয়েছে ‘হেলদি কুকিং প্রতিযোগিতা’, যেখানে পুষ্টিকর ও সুস্বাদু রান্নার নানা কৌশল তুলে ধরা হচ্ছে। বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি বিনোদনের রং ছড়াতে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘ভূমি’-র অন্যতম প্রধান মুখ সৌমিত্র রায়। সংগীত ও স্বাস্থ্যের এই সুন্দর মেলবন্ধন উপস্থিত দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা সৃষ্টি করেছে।
দুর্গাপুরবাসীর মতে, শিল্পাঞ্চলের মানুষের জন্য এমন নিখরচায় উন্নত স্বাস্থ্য পরিষেবা ও বিনোদনের সমন্বয় নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

