অবৈধ সেতু ভেঙে দিল প্রশাসন। সোমবার বারাবনি ব্লক প্রশাসন ও সংশ্লিষ্ট থানার পুলিশের উদ্যোগে অজয় নদের উপর পাথর দিয়ে তৈরি ওই সেতু ভেঙে ফেলা হয়। জানা গেছে, জামগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অজয়ের ওপর আমুলিয়া ঘাটে বাংলা-ঝাড়খণ্ড সীমানার মানুষের যাতায়াতের জন্য এই সেতু তৈরি করা হয়েছিল।
এদিন জেসিপি মেশিন ব্যবহার করে সেতুটি ভেঙে দেয় পুলিশ। ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে সেতু ভেঙে ফেলার ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, গ্রামবাসীরা নিজেদের যাতায়াতের সুবিধার জন্য এই সেতু তৈরি করেছিলেন। হাসপাতাল বা বাজারে যাতায়াতের জন্য সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেতুটি ভেঙে দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা। একইসঙ্গে রুনাকুড়া ঘাটের মতো একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

