ওরাও বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সামিল। মা মঙ্গলময়ীর আগমনের বার্তায় চারিদিকে যখন উৎসবের আমেজ, তখন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিশেষভাবে সক্ষম শিশুদের সাথে আনন্দ ভাগ করে নিলেন। দুর্গাপূজার প্রাক্কালে তিনি তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন এবং প্রতিশ্রুতি দেন যে পূজোর সময় তিনি নিজে তাঁদের বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে প্রতিমা দর্শন করাবেন।
ইসিএলের ঝাঁজরা KKSC শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ঝাঁজরা এরিয়ার জিএম রমেশ চন্দ্র মহাপাত্র এবং অন্যান্য শ্রমিক সংগঠনের নেতারা। নরেন্দ্রনাথ বাবু দীর্ঘক্ষণ উপস্থিত থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে সময় কাটান, তাদের সাথে কথা বলেন এবং উপহার বিতরণ করেন। শিশুদের সাথে সময় কাটাতে পেরে তিনি অত্যন্ত খুশি বলে জানান।
তিনি বলেন, এই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা কারো থেকে কোনো অংশে কম নয়। সাহায্য নয়, তাদের পাশে থাকার প্রয়োজন। তাদের যেকোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার আশ্বাস দেন তিনি। তাঁর আন্তরিকতা ও মানবিকতা দেখে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকরা অভিভূত হন।

