Saturday, 20 Jun 2026

তৃণমূলের জেলা পরিষদের সহ-সভাপতির উপর হামলার অভিযোগ

IMG

একটি কর্পোরেট ওয়েলফেয়ার মিটিংয়ে অংশগ্রহণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা পরিষদের সহ-সভাধিপতি ও তৃণমূল নেতা বিষ্ণুদেও নুনিয়া। বৃহস্পতিবার ইসিএলের ঝাঁঝরা এরিয়া অফিসের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক সংগঠনের (কেকেএসসি) সমর্থকরা তাঁর গাড়ির উপর লাঠি নিয়ে হামলা চালায়। এতে গাড়ির হেডলাইট ও কাঁচ ভেঙ্গে যায় এবং চালক মহম্মদ সিরাজ আহত হন। বিষ্ণুদেও নুনিয়া অভিযোগ করেন, কেকেএসসি-র কর্মীরা তাঁর উপর হামলা চালিয়েছে এবং তিনি থানায় অভিযোগ জানাবেন।

সেদিন কর্পোরেট ওয়েলফেয়ার মিটিংয়ে স্বীকৃত পাঁচটি শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হলেও কেকেএসসি-কে আমন্ত্রণ জানানো হয়নি। এর প্রতিবাদে কেকেএসসি-র সমর্থকরা এরিয়া অফিসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। তবে, কেকেএসসি-র এরিয়া ইউনিট সেক্রেটারি বিষ্ণুদেব যশ এই হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন যে, তাঁরা শুধু গেটের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন, কোনো হামলা বা বাধা সৃষ্টি করেননি। বিষ্ণুদেও নুনিয়া যদিও তৃণমূল নেতা, তিনি তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কেকেএসসি-র সাথে যুক্ত নন, বরং তিনি এইচএমএসের নেতা।

Share: