Saturday, 20 Jun 2026

দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়ার উপর গণধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল শহরে

IMG

Allegation of gang rape on a medical student in Durgapur, sparks sensation in the city

দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়ার উপর গণধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল শহরে

দুর্গাপুরের শোভাপুর এলাকায় এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বর্তমানে ওই ছাত্রীটি গুরুতর আহত অবস্থায় কলেজ-সংলগ্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

নির্যাতিতার পরিবারের দাবি, ছাত্রীটি উড়িষ্যা রাজ্যের বাসিন্দা। শুক্রবার রাতে সে কলেজের এক পুরুষ সহপাঠীর সঙ্গে বাইরে রাতের খাবার খেতে বেরিয়েছিল। খাওয়া শেষ হওয়ার পর সেই বন্ধুটি তাকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। প্রথমে আপত্তি জানালেও পরে মেয়েটি রাজি হয় বলে জানা গেছে। কলেজ চত্বরের বাইরে যাওয়ার পর কয়েকজন দুষ্কৃতী তাদের পথ আটকে ছাত্রীটির উপর যৌন নির্যাতন চালায় বলে সন্দেহ করা হচ্ছে।

এরপর আহত অবস্থায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে তার সেই পুরুষ বন্ধু। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে নির্যাতিতার বাবা-মা উড়িষ্যার জলেশ্বর থেকে দুর্গাপুরে এসে পৌঁছান। পুলিশও খবর পেয়ে হাসপাতালে যায় এবং ছাত্রীর বক্তব্য রেকর্ড করে। ছাত্রীর বাবা-মা পুলিশকে অভিযোগ জানানোর পাশাপাশি মেয়ের বন্ধুকেও সন্দেহের তালিকায় রেখেছেন।

ছাত্রীর বাবার বক্তব্য, “এই কলেজে মেয়েদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। নিরাপত্তারক্ষীরা কি করছেন, যখন গভীর রাতে ছাত্রছাত্রীরা বাইরে যাচ্ছে?” তিনি অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কতজন আসলে এই ঘটনার সঙ্গে যুক্ত, তা এখনো স্পষ্ট নয়। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন তথ্য উঠে আসবে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজেও এক চিকিৎসা শিক্ষার্থীর উপর নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছিল, যা দেশজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়েছিল। তার কয়েক মাস পর ফের একই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে চিকিৎসা মহলে।

Share: