Allegations against BJP for breaking rules in installing solar lights
নির্বাচন ঘোষণার পর উন্নয়নমূলক কাজ শুরু করা নিয়ে দুর্গাপুর পশ্চিমে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিজেপির বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। রবিবার চাষীপাড়া এলাকায় বিধায়কের নাম লেখা সোলার লাইট বসানোর উদ্যোগ ঘিরে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
স্থানীয়দের দাবি, হঠাৎ করেই কয়েকজন কর্মী এসে ওই এলাকায় সোলার লাইট বসানোর কাজ শুরু করেন। নির্বাচন ঘোষণার পরে এমন উদ্যোগ নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। তাঁদের বক্তব্য, গত কয়েক বছরে এলাকার নানা সমস্যা নিয়ে বিধায়ককে খুব একটা সক্রিয় দেখা যায়নি, অথচ ভোটের ঠিক আগে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের মন জয়ের চেষ্টা করা হচ্ছে।
এলাকাবাসীর প্রতিবাদের জেরে শেষ পর্যন্ত কর্মীদের ওই জায়গা থেকে সোলার লাইট সরিয়ে নিতে হয়। এই ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অন্যদিকে তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর অভিযোগ করেন, ভোটের আগে এভাবে কাজ শুরু করা নির্বাচন বিধির পরিপন্থী। তিনি জানান, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হবে।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তাঁর দাবি, এই প্রকল্পের অনুমোদন আগে থেকেই ছিল এবং ঠিকাদার সংস্থা সেই অনুযায়ী কাজ শুরু করেছিল। পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কারণে তৃণমূল এই কাজ বাধা দেওয়ার চেষ্টা করছে।
এই ঘটনাকে ঘিরে দুর্গাপুর পশ্চিমে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

