নবান্ন অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশনে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। নবান্নমুখী আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করে জিআরপি, যার ফলে স্টেশনে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। মহিলা ও বিজেপি কর্মীরা প্রতিবাদে স্টেশনেই মিছিল করেন। শেষমেশ জিআরপি পিছু হটতে বাধ্য হয়।
বিক্ষোভকারীরা দাবি করেন, জাতীয় পতাকায় ফাইবার স্টিক লাগিয়ে নিয়ে যেতে দেওয়া হবে না, এই নির্দেশ দেওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে মহিলারা মিছিল শুরু করেন এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কেন তাদের আটকানো হচ্ছে, এই প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হন বিক্ষোভকারীরা, যার ফলে স্টেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জিআরপি পিছু হটে।
কাঁকসা থেকে নবান্ন অভিযানের উদ্দেশ্যে কলকাতায় রওনা হওয়ার আগেই পুলিশের বাধার মুখে পড়েন বিজেপি নেতা রমন শর্মা। পানাগড় রেল স্টেশনে কাঁকসা থানার পুলিশ নবান্নমুখীদের আটকায়। তবুও পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ও বিজেপির বহু কর্মী এদিন কলকাতার উদ্দেশ্যে ট্রেনে রওনা দেন। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা এবং মুখে ছিল 'বিচার চাই' স্লোগান।

