Saturday, 20 Jun 2026

পথ সারমেয় শাবকদের পুড়িয়ে মারার চেষ্টা, মৃত এক

IMG

শীতের রাতে পথ সারমেয় শাবকদের উপর নির্মম অত্যাচার! দুর্গাপুর থানার তিলক রোড এলাকায় দুষ্কৃতীদের হাতে শাবকদের পুড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মৃত এক শাবক, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও পাঁচটি। এই নির্মম ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।  


শুক্রবার গভীর রাতে তিলকের ৩০ নম্বর স্ট্রিটের একটি গ্যারেজের পাশের ডাস্টবিন থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা সেখানে ছুটে যান। তাঁরা দেখতে পান, ডাস্টবিনের ভেতর কয়েকটি সারমেয় শাবক তখন জ্বলছে। কোনক্রমে শাবকগুলিকে উদ্ধার করা হলেও একটি শাবকের মৃত্যু হয়। বাকি পাঁচটি শাবকের অবস্থা আশঙ্কাজনক। শাবকগুলির চিকিৎসা চলছে স্থানীয় স্তরে।  


স্থানীয় বাসিন্দা অপর্ণা মুখোপাধ্যায় জানান, ডাস্টবিন থেকে ধোঁয়া উঠতে দেখে আমরা সেখানে যাই। দেখি ছয়টি শাবক জ্বলছে। বই-খাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল। গন্ধ যাতে না ছড়ায়, সেই কারণে নুনের প্যাকেট ছড়িয়ে রাখা হয়েছিল। এমন নির্মম ঘটনা দেখে আমরা হতবাক। আমরা ছয়টি শাবককে উদ্ধার করলেও একটি বাঁচানো যায়নি। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। আমরা এর ন্যায় বিচার চাই।


পশুপ্রেমী অনিন্দিতা সরকার বলেন, সদ্যোজাত শাবকদের উপর এই ধরনের নিষ্ঠুরতা একেবারেই মেনে নেওয়া যায় না। খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে যাই। যারা এই ঘটনার সাথে যুক্ত, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।


এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দোষীদের চিহ্নিত করতে তৎপর হয়েছে পুলিশ।

Share: