Arms smuggler arrested with firearms at Andal station
অন্ডাল স্টেশনের ছ'নম্বর প্ল্যাটফর্ম থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। ধৃতের নাম আসরাফুল আনসারি, যিনি বিহারের বাসিন্দা। তার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে দশটি দেশি আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে এ দিন বেলা ১১টা নাগাদ অন্ডাল স্টেশনে আসে এসটিএফ-এর একটি দল। তারা দেখতে পান, ব্যাগ হাতে এক ব্যক্তি ছ’নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। সন্দেহ হওয়ায় তাকে আটক করে ব্যাগ তল্লাশি শুরু করেন এসটিএফ আধিকারিকরা। তখনই একের পর এক বেরিয়ে আসে দেশি আগ্নেয়াস্ত্র। সঙ্গে সঙ্গে আসরাফুলকে গ্রেপ্তার করা হয় এবং তার ব্যাগ বাজেয়াপ্ত করা হয়। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, আসরাফুল এ দিন সকালে বিহার থেকে ট্রেনে অন্ডাল স্টেশনে পৌঁছায়। ছ’নম্বর প্ল্যাটফর্ম থেকেই উখড়া, পাণ্ডবেশ্বর হয়ে বীরভূম যাওয়ার ট্রেন ছাড়ে। সেই ট্রেন ধরতেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল সে।
প্রাথমিক জেরায় আসরাফুল জানিয়েছে, আগ্নেয়াস্ত্রগুলি উখড়ার এক যুবকের হাতে তুলে দেওয়ার কথা ছিল তার। এসটিএফকে সে ওই যুবকের নামও জানিয়েছে। অনুমান করা হচ্ছে, আগ্নেয়াস্ত্রগুলি মুঙ্গের থেকে আনা হয়েছিল। সূত্রের দাবি, ওই যুবক চোরাই কয়লার কারবারের সঙ্গে যুক্ত। নবগ্রাম, মহাল, ভাতমুরা-সহ একাধিক খনি অঞ্চলে ডিপো বানিয়ে চলে সেই চক্রের কয়লা পাচারের কাজ। এদের মূল মাথা দুর্গাপুরের সেপকো টাউনশিপের এক ব্যক্তি। জানা গিয়েছে, রাতে কয়লা পাচারের সময় এই চক্রের যুবকদের হাতে থাকে দেশি আগ্নেয়াস্ত্র। কেউ বাধা দিতে এলে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। তবে নির্দেশ থাকে—শুধু ভয় দেখানোর জন্য, গুলি চালানোর জন্য নয়। ঘটনার পরে এসটিএফ আসরাফুলকে অন্ডাল জিআরপির হাতে তুলে দেয়।

