Saturday, 20 Jun 2026

আসানসোলে ডিজিটাল অ্যারেস্ট প্রতারণায় অবসরপ্রাপ্ত কর্মীর খোয়া গেল ১.২৭ কোটি টাকা

IMG

Asansol Retiree Loses ₹1.27 Cr in Fake Digital Arrest Scam

আসানসোলে আবারও প্রকাশ্যে এল ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার ঘটনা। বার্নপুরের রবীন্দ্রনগর ডলি লজ এলাকার বাসিন্দা ও ইস্কোর এক অবসরপ্রাপ্ত কর্মী তপন কুমার মাজি সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে গচ্ছিত হারালেন প্রায় ১ কোটি ২৭ লক্ষ টাকা।

ঘটনা শুরু হয় ৪ আগস্ট সকালে, যখন নিজেকে ডিজিসিএ-র কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোনে জানান যে তপনবাবুর আধার নম্বর ব্যবহার করে মুম্বইয়ে একটি সিম ও ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। অভিযোগ তোলা হয় যে সেই অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে। পরে হোয়াটসঅ্যাপে মুম্বই পুলিশ ও সিবিআইয়ের পরিচয়ে ভিডিও কল আসে। প্রতারকেরা পুলিশের পোশাক পরে পরিচয়পত্র দেখিয়ে তপনবাবুকে বিশ্বাস করান যে তিনি সন্ত্রাসবাদ অর্থায়নে জড়িত।

তাকে জানানো হয় যে তিনি “ডিজিটালি গ্রেফতার”। এরপর পরপর কয়েক দিন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে তাকে নজরদারিতে রাখা হয়। ভয় দেখিয়ে ১৩ কিস্তিতে মোট ১,২৭,০৪,৩৩২ টাকা হাতিয়ে নেয় প্রতারকেরা। পরে প্রতারণা বুঝতে পেরে তিনি আসানসোল সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই BNS-এর একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share: