Saturday, 20 Jun 2026

শ্রাবণ্যতে পালিত হল বন মহোৎসব

IMG

Ban Mahotsav Celebrated at Shrabanaya

দুর্গাপুরে বন মহোৎসবে সবুজায়নের বার্তা, পরিবেশ রক্ষায় সম্মানিত 'বনবন্ধু'রা। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় আরও একবার তৎপর হল প্রশাসন। শনিবার দুর্গাপুরের নগর বন শ্রাবণ্য প্রাঙ্গণে মহাসমারোহে পালিত হল বন মহোৎসব। এই অনুষ্ঠান ঘিরে পরিবেশপ্রেমী, ছাত্রছাত্রী ও প্রশাসনের অংশগ্রহণে জমে উঠেছিল প্রকৃতির সঙ্গে একাত্মতার এক বিশেষ দিন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল, জেলাশাসক এস. পোন্নামবালাম, মহকুমা শাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়, বন আধিকারিক বিদ্যুৎ সরকার, অনুপম খান, রাহুল কুমার সহ আরও অনেকে। বনভূমি তথ্যভাণ্ডারে কিউ-আর কোড ও বৃক্ষরোপণ এদিনের অনুষ্ঠানে বিশেষ কিউ-আর কোড যুক্ত বনভূমির তথ্যভাণ্ডার সূচনার পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে বন মহোৎসবের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, “পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ ও বনভূমি সংরক্ষণ আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবেশ সুরক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। প্রকৃতি ও বনভূমি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ায় এদিন দুটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং বেশ কয়েকজন পরিবেশপ্রেমীকে বনবন্ধু সম্মানে সম্মানিত করা হয়। এ বছরের বনবন্ধু সম্মানপ্রাপ্তদের মধ্যে ছিলেন: সোমনাথ মান্ডি, কালিপদ ঘোষ, অর্কজ্যোতি মুখোপাধ্যায়, শুভজিৎ সাহা, জগন্নাথ মণ্ডল, লক্ষীরাম হেমব্রম,অরিন্দম চক্রবর্তী,চন্দন গুঁই।

দুর্গাপুর নগর বন শ্রাবণ্য-কে আরও মনোমুগ্ধকর ও পরিবেশবান্ধব করে তোলার পেছনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দুর্গাপুরের মহকুমা শাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়-কে এদিন বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

সবুজায়নের বার্তা ও সচেতনতা প্রচার এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত জানান, বৃক্ষরোপণের ক্ষেত্রে ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রেখে রাস্তার ধারে না লাগিয়ে যথাযথ জায়গা বেছে নেওয়া উচিত। নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় পরিবেশ রক্ষার সঙ্গে সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্কুল পড়ুয়াদের আন্তরিক অভিনন্দন জানান তিনি।


বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “শ্রাবণ্য দুর্গাপুরের ফুসফুস। তাই এই বনভূমিকে বাঁচিয়ে রাখতে প্রত্যেক নাগরিকের উচিত কমপক্ষে ১০টি চারা গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণ করা। সিড বল বিতরণ ও চড়াই পাখির বাসা বিলি সবুজায়নের বার্তা আরও ছড়িয়ে দিতে অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে তুলে দেওয়া হয় বিশেষ ‘সিড বল’। একই সঙ্গে চড়াই পাখির সুরক্ষায় বিলি করা হয় কৃত্রিম বাসা। পরিবেশ সচেতনতায় এই উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়েছে। নতুন ওয়াচ টাওয়ার নির্মাণের ঘোষণা এডিডিএ-র তরফে ঘোষণা করা হয়েছে, শ্রাবণ্যের ভিতরে একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে, যা বন পর্যবেক্ষণে সহায়ক হবে। সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে বিধাননগর ও গোপাল মাঠ গার্লস হাই স্কুল এর ছাত্রীরা পরিবেশন করে গান ও শ্রুতি নাটক। পরিবেশ ও প্রকৃতি নিয়ে তাদের পরিবেশনা সকলকে মুগ্ধ করে।

Share: