ইসিএলের বাঁকোলা এরিয়ার এবিপিট কোলিয়ারিতে উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থায় স্থানীয়দের নিয়োগের দাবিতে বাংলা পক্ষ সোচ্চার হয়েছে। সোমবার তারা এই দাবিতে সংস্থার আধিকারিকের হাতে ডেপুটেশন প্রদান করে। উল্লেখ্য, সম্প্রতি উড়িষ্যা সহ অন্যান্য রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা ও হেনস্থার ঘটনা বেড়েছে, যা নিয়ে রাজ্য সরকারও উদ্বেগ প্রকাশ করেছে।
এই প্রেক্ষিতে, 'বাংলা পক্ষ' বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় ভিন রাজ্যের শ্রমিকদের পরিবর্তে স্থানীয়দের নিয়োগের দাবিতে সরব হয়েছে। ইসিএলের বাঁকোলা এরিয়ার কুমারডিহি এবিপিট কোলিয়ারি কন্টিনিউওয়াস মাইনস প্রজেক্টের দায়িত্বে থাকা জেএমএস নামক বেসরকারি সংস্থায় ইতিমধ্যে বেশ কিছু ভিন রাজ্যের শ্রমিক নিয়োগ করা হয়েছে।
এই নিয়ে সোমবার 'বাংলা পক্ষ' পাণ্ডবেশ্বর শাখার পক্ষ থেকে প্রজেক্ট অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। ভান্তর মুখার্জি 'বাংলা পক্ষ' সংগঠনের পক্ষে বলেন, উড়িষ্যা সহ অন্যান্য রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, অথচ এখানে সংস্থা ভিন রাজ্যের শ্রমিকদের নিয়োগ করছে। বিষয়টি উপেক্ষা করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি জানান।

