Saturday, 20 Jun 2026

নির্বাচন কমিশনের কর্মীদের মারধরের অভিযোগে থানা ঘেরাও বিজেপির

IMG

BJP gheraos police station over allegations of assault on Election Commission officials

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়া এলাকায় নির্বাচন কমিশনের নিযুক্ত দুই কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী-সমর্থকেরা কোক ওভেন থানার সামনে বিক্ষোভ দেখান।

অভিযোগ, নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে গিয়েই আক্রান্ত হন ওই দুই কর্মী। জানা যায়, তৃণমূলের পক্ষ থেকে স্থানীয় পোস্ট অফিসের দেয়ালে দেওয়াল লিখন করা হয়েছিল, যা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বেআইনি। সেই লিখন মুছতে গিয়ে হামলার শিকার হন কমিশনের কর্মীরা।

অন্যদিকে, তৃণমূলের দাবি—মারধরের কোনও ঘটনা ঘটেনি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের বক্তব্য, বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা হলেও নির্বাচন কমিশনের কর্মীদের সঙ্গে কোনও ঝামেলা হয়নি।

তবে আক্রান্ত দুই সিভিল ডিফেন্স কর্মীর বক্তব্য, তারা দেওয়াল মুছে গাড়িতে উঠতে গেলে কয়েকজন ব্যক্তি তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করে এবং তাদের কথা শোনেনি।

ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।


Share: