Blood Component Separation Unit starts at Durgapur Sub-Divisional Hospital.
দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোয় যুক্ত হতে চলেছে আরও এক গুরুত্বপূর্ণ ও অত্যাধুনিক পরিষেবা। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মধ্যে এই প্রথমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হতে যাচ্ছে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট। রাজ্য সরকারের তহবিল থেকে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এই আধুনিক ইউনিটটি গড়ে তোলা হচ্ছে।
এই ইউনিট চালু হলে সংগৃহীত রক্তকে রেড সেল, প্লাজমা ও প্লেটলেটে পৃথক করা সম্ভব হবে। ফলে রোগীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট রক্ত উপাদান ব্যবহার করে আরও কার্যকর চিকিৎসা দেওয়া যাবে। এর মাধ্যমে এক ব্যাগ রক্ত থেকেই একাধিক রোগীর চিকিৎসা সম্ভব হবে এবং রক্তের অপচয় অনেকটাই কমবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ।
এই গুরুত্বপূর্ণ পরিষেবার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল–দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা মহকুমা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান মণ্ডল-সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসক ও আধিকারিকরা।
স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইউনিট চালু হলে দুর্গাপুরের পাশাপাশি আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ আরও দ্রুত, উন্নত ও জীবনদায়ী রক্ত পরিষেবা পাবেন। বিশেষ করে জটিল অস্ত্রোপচার, থ্যালাসেমিয়া, ক্যান্সার এবং জরুরি চিকিৎসার ক্ষেত্রে এই ইউনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

