আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পানাগড় বাজারের একটি ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ও আইনজীবী বৈশাখী বন্দোপাধ্যায়, কাঁকসার আইসি পার্থ ঘোষ এবং এলাকার বিশিষ্ট চিকিৎসকরা ও ব্যক্তিরা। রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ১০০ জন রক্তদান করেন।
কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল জানান, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা কর্মসূচির অংশ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুলিশ কর্মীদের পাশাপাশি কাঁকসা থানার সিভিক ভলান্টিয়াররা এবং এলাকার বহু মানুষ রক্তদান করেন। রক্তের সঙ্কট মেটাতে তাদের এই উদ্যোগ উল্লেখযোগ্য।
জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দোপাধ্যায় বলেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির এটি প্রমাণ করে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললে অনেকেই বোঝে না, পুলিশ শুধু নিরাপত্তা দেয় না, বরং আমজনতার প্রয়োজনে রক্তের জোগানও নিশ্চিত করে। রক্তদাতা পুলিশ কর্মীদের এই মহান ব্রত পালনের জন্য স্যালুট জানান।

