Breaking the ‘mafia rule’ in coal belt: Strong warning from Centre in Asansol, action hinted
অমৃতা দাশ, আসানসোল - ভোটের উত্তাপে তেতে উঠেছে কয়লাঞ্চল, আর সেই আবহেই আসানসোলের মঞ্চ থেকে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিষাণ রেড্ডি। রবিবার দলীয় প্রচারে এসে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে এবার কেন্দ্র ‘অ্যাকশন মোডে’, মাফিয়াদের কোনও রেহাই দেওয়া হবে না। শহরের শীতলা এলাকায় বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে গত এক দশকের বেশি সময় ধরে আইনের শাসন ভেঙে পড়েছে, বেড়েছে দখলদারি ও দুর্নীতি। শিল্পাঞ্চলগুলিতে মাফিয়াদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ বলেও তিনি মন্তব্য করেন। নারী নিরাপত্তা ইস্যুতেও সরব হন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে অনেকেই নিজেদের নিরাপদ মনে করছেন না।
রাজনৈতিক বার্তায়ও ছিল স্পষ্ট ইঙ্গিত। তিনি জানান, আগামী ৪ মে-র পর আইনশৃঙ্খলা পরিস্থিতি বদলাতে বড় পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে উন্নয়নের স্বার্থে ‘ডাবল ইঞ্জিন সরকার’-এর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। কয়লা পাচার কাণ্ড নিয়ে প্রশ্ন উঠতেই তিনি বলেন, তদন্ত এগোচ্ছে এবং ইতিমধ্যেই একাধিক গ্রেফতার হয়েছে। তাঁর হুঁশিয়ারি, “যাঁরা জড়িত, তাঁদের আইনের মুখোমুখি হতেই হবে।”
ইসিএলে কর্মীসংখ্যা কমার অভিযোগ খারিজ করে তিনি জানান, স্থায়ী কর্মী কমলেও চুক্তিভিত্তিক কর্মসংস্থান বেড়েছে এবং দেশে কয়লা উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।ভোটের মুখে কয়লাঞ্চলে এই তীব্র বার্তা নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

