Candidate Kabi Dutta thrilled the crowd with a stick-fighting performance during the Ram Navami procession.
রাজ্যে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একদিকে যেমন জোরকদমে প্রচার চলছে, তেমনই উৎসবের আবহে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত।
রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই দুর্গাপুরের বিভিন্ন এলাকায় প্রচারে নামেন তিনি। ব্যস্ত নির্বাচনী সূচির মাঝেও স্থানীয়দের আমন্ত্রণে সাড়া দিয়ে একাধিক ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় তাঁকে। সকালে ২২ নম্বর ওয়ার্ডের সিটি সেন্টার সংলগ্ন বজরংবলী মন্দিরের বাৎসরিক পুজো উপলক্ষে আয়োজিত কলসযাত্রায় উপস্থিত ছিলেন কবি দত্ত। ভক্তিমূলক পরিবেশে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের মঙ্গল কামনা করেন।
এরপর ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকায় সর্বজনীন কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য রামনবমী শোভাযাত্রায় যোগ দেন তিনি। সেখানে লাঠিখেলায় নিজের দক্ষতা প্রদর্শন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। তাঁর এই অংশগ্রহণে সাধারণ মানুষের মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী কবি দত্ত শুধু লাঠিখেলাতেই নয়, এর আগেও সংগীতের প্রতি তাঁর অনুরাগের পরিচয় পেয়েছেন দুর্গাপুরবাসী। পাশাপাশি তিনি একজন বিশিষ্ট উদ্যোগপতি হিসেবেও পরিচিত। উৎসব ও প্রচার—দুই ক্ষেত্রেই সক্রিয় উপস্থিতি রেখে দিনভর জনসংযোগ আরও জোরদার করেন তিনি। স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে নিজের প্রার্থীতার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যান কবি দত্ত।

