CBI Raids in Asansol with Arrested Couple in Human Trafficking Case.
মানব পাচারের অভিযোগে ধৃত দম্পতিকে নিয়ে হাজিনগরে ফের অভিযান চালাল সিবিআই। বুধবার সিবিআইয়ের দল ওই অভিযানে যোগ দেয়, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
প্রসঙ্গত, গত রবিবার আসানসোল রেলপারের হাজিনগরে হানা দিয়ে রানী খাতুন এবং মহঃ বিলাল নামে এক দম্পতিকে গ্রেফতার করে সিবিআই। অভিযোগ, তাঁরা বিয়ের প্রলোভন দেখিয়ে এলাকার গরিব মেয়েদের মোটা টাকার বিনিময়ে পাচার করতেন।
তদন্ত সূত্রে জানা গেছে, ২০২৪ সালে রেলপারের এক তরুণীকে এই দম্পতির মধ্যস্থতায় বর্ধমানে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক দিনের মধ্যেই তাঁকে অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়। তরুণী পালিয়ে রায়না থানায় অভিযোগ জানালেও স্থানীয় পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায়, হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আদালতের নির্দেশেই সিবিআই তদন্তভার গ্রহণ করে এবং অবশেষে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে।
সিবিআইয়ের অনুমান, ধৃত দম্পতি শুধুমাত্র পাচারের সঙ্গে যুক্ত নয়, বরং এলাকার বড় কোনো চক্রের সক্রিয় সদস্য। তদন্তকারীরা মনে করছেন, রেলপারের বালুময়দান, মকু মুহল্লা, হাজিনগর এবং বাবুতলা এলাকায় মানব পাচারের নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। ধৃতদের জেরার সূত্র ধরে সেই চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সিবিআই।

