Chief Minister Mamata Banerjee in the language movement march at Bolpur
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের বিরুদ্ধে অন্যান্য রাজ্যে চলতে থাকা নির্যাতনের প্রতিবাদে ভাষা আন্দোলনের পদযাত্রায় নেতৃত্ব দেন। বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে জামবনী বাস স্ট্যান্ড পর্যন্ত আড়াই কিলোমিটার পথ পদযাত্রা করেন তিনি। পদযাত্রায় বাংলা ব-র কাটআউট হাতে নিয়ে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশে ছিলেন শতাব্দী রায়, যার হাতে কবিগুরু রবীন্দ্রনাথের ছবি, এবং ফিরহাদ হাকিম, যাঁর হাতেও বাংলা অক্ষরের কাটআউট ছিল।
পদযাত্রার শেষে মঞ্চ থেকে মমতা স্পষ্ট ভাষায় বলেন, “আমি কোনও ভাষার বিরোধী নই, কিন্তু যে কোনও বিভেদকামী নীতির বিরুদ্ধে আমি। আমি দেশের ঐক্য চাই। বিবিধের মাঝে মিলন আমাদের মধ্যেই রয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ থেকে যারা স্বাধীনতার পরে ১৯৭১ সালের মার্চ মাস অবধি আইনত বাংলায় এসেছেন, তাঁদের ভাষা এখনও বাংলাদেশের ভাষার ছোঁয়া বহন করে। কারণ আগে ইউনাইটেড ইন্ডিয়া ছিল, তখন দেশ আলাদা ছিল না। এখন বাংলাদেশ, পাকিস্তান ও ভারত আলাদা। আমরা ভারতের নাগরিক।”
বাঙালির ওপর নির্যাতনের অভিযোগ তুলে মমতা বলেন, “সবাই একই ভাষায় কথা বলে না। বীরভূমের গ্রামে গেলে শুনবেন আলাদা ভাষা। আমরা বলি ‘কোথায় গিয়েছিলে’, ওরা বলে ‘কতি গিয়েছিলি’, ‘কেমন আছিস’ বলেও ভিন্ন ভাষায় হয়। মুর্শিদাবাদ, বর্ধমান, রাজবংশী, মতুয়ারা সবাই টিপিক্যাল ভাষা ব্যবহার করেন। আমি কোনও ভাষার বিরোধী নই, কিন্তু বিভেদকামী নীতির বিরোধী।”
মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা আন্দোলনে বাংলার অগ্রণী ভূমিকার কথা বারবার স্মরণ করিয়ে দেন এবং বাঙালি অস্মিতার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “যাঁরা ইংরেজি মাধ্যমেও পড়েন, তাঁরা নিজের অস্তিত্ব ও ঠিকানা কখনো ভুলবেন না। নিজের কুটির ঘর, মা-বাবা, শিক্ষক ও জন্মভূমিকে ভুলবেন না।”

