Clashes Erupt at INTTUC Meeting in Durgapur
শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আইএনটিটিইউসির বৈঠক ঘিরে তৈরি হল অশান্তি।
ডিএসপি টাউনশিপের বি-জোনের দেশবন্ধু ভবনে বৈঠকের আয়োজন করা হয়েছিল। অভিযোগ উঠেছে, দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের নামে বোনাসের বিষয় নিয়ে ডাকা সেই বৈঠকে স্থায়ী শ্রমিকদের বাদ দিয়ে বহিরাগতদের ডাকা হয়েছিল। এমনকি অশান্তির আশঙ্কায় বাউন্সারও রাখা হয়েছিল বলে দাবি।
আইএনটিটিইউসির সহকারী সাধারণ সম্পাদক স্নেহাশিস ঘোষ বলেন, “নিজস্ব ভবন থাকা সত্ত্বেও কেন দেশবন্ধু ভবনে বহিরাগতদের নিয়ে সভা করা হল, সেই প্রশ্ন তুলেছি আমরা। কর্মীরা এর প্রতিবাদ করেছে।”
অন্যদিকে, কোর কমিটির সদস্য মানস অধিকারী অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, “আমি সেই বৈঠকে উপস্থিতই ছিলাম না। বোনাস ও পেনশন সংক্রান্ত বিষয় নিয়েই বৈঠক হয়েছে। দীর্ঘদিন সাধারণ সভা হয়নি, তাই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল।”
বিজেপির তরফে কটাক্ষ—“তৃণমূলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই মাঝেমধ্যেই ঝামেলা বাধে, এদিনও তার পুনরাবৃত্তি ঘটেছে।” যদিও মানস অধিকারীর দাবি, দলে কোনও বিভাজন নেই।

