কয়েকদিন আগে টানা তিন দিনের বৃষ্টিতে বীরভূমে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গত ১৬ই সেপ্টেম্বর রাত ৮টা নাগাদ ইলামবাজার ব্লকের বাউরী পাড়ায় নিজের বাড়িতে নাতিকে নিয়ে চপ ও মুড়ি খাচ্ছিলেন আনুমানিক ৬০ বছর বয়সী দিদিমা মালতি মাল। হঠাৎ মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে তাদের উপর। নাতি অল্পের জন্য বেঁচে গেলেও, মালতি মালকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি, হাসপাতালে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা মালতি মালকে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, কিন্তু গুরুতর আহত হওয়ায় তাকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে ভোরের দিকে তার মৃত্যু হয় বলে পরিবার জানায়।
এই মর্মান্তিক ঘটনার পর, ইলামবাজার ব্লক প্রশাসন ও ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তর থেকে পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। পরিবারের হাতে চাল, ত্রিপল, শাড়ি, লুঙ্গি ইত্যাদি তুলে দেওয়া হয়। এছাড়া, ২৩শে সেপ্টেম্বর রাত ৮টার সময় মালতি মালের পরিবারের সদস্য লক্ষ্মী মালকে ২ লক্ষ টাকার একটি চেক ইলামবাজার ব্লক প্রশাসন ও ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রদান করা হয়। উপস্থিত ছিলেন BDMO আমিনুল ইসলাম, সুমন্ত চক্রবর্তীসহ ইলামবাজার ব্লক প্রশাসন ও ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা।

