Congress candidate Debesh Chakraborty of Durgapur Purba begins election campaign
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দেবেশ চক্রবর্তী। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি জোরকদমে প্রচারে নেমে পড়েছেন। সোমবার তিনি দুর্গাপুর-এর ২৬ নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনি সংলগ্ন লোকনাথ বাবার মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর ধোবিঘাট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন। প্রচারের সময় দেবেশ চক্রবর্তী বর্তমান বিধায়ক প্রদীপ মজুমদার-এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, “গত পাঁচ বছরে এলাকায় কোনও উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। আমি যে এলাকাগুলো ঘুরছি, সেখানে রাস্তার অবস্থা দেখলেই মানুষের বঞ্চনার চিত্র স্পষ্ট।” এদিন তিনি পরিবর্তনের ডাক দিয়ে এলাকার সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তার প্রচারে কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সমর্থকদেরও সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়।

