বেহাল রাস্তার প্রতিবাদে অভিনব আন্দোলনে নামল কংগ্রেস। বুধবার কুলটি মিউনিসিপ্যালিটি রোডের দ্রুত সংস্কারের দাবিতে কংগ্রেস নেতারা সরব হন। এদিন তারা রাস্তার উপর বৃক্ষরোপণ এবং জমা জলে মাছ ছেড়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস জানান, কুলটি বোরো কার্যালয়ে যাওয়ার এই রাস্তা সম্পূর্ণ বেহাল অবস্থায় রয়েছে। প্রতিদিন স্কুল পড়ুয়াসহ সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। তাই অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে।
এদিকে, পুরো নিগমের মেয়র পারিষদ ইন্দ্রানী মিশ্র কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, রাস্তা সংস্কারের কাজ শীঘ্রই শুরু হবে এবং তার অনুমোদন ইতিমধ্যেই মিলেছে। তিনি অভিযোগ করেন, এই খবর জানাজানি হওয়ার পরেই রাজনৈতিক প্রচারের স্বার্থে কংগ্রেস আন্দোলনে নেমেছে।

