Saturday, 20 Jun 2026

খাদান সিনেমার প্রচারে দুর্গাপুরে এলেন দেব

IMG

বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারের জংশন মলের সামনে 'খাদান' সিনেমার প্রচারে জমকালো অনুষ্ঠান করলেন দেব। সঙ্গে ছিলেন যীশু সেনগুপ্ত, বরখা বিশ্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী সহ আরও একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। প্রচুর ভক্তের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে।

দেব এদিন খাদানের গানের তালে নাচলেন এবং জনপ্রিয় সংলাপ বললেন, "সর্দার হওয়া এত সহজ নয়, যে একা সব সহ্য করে সেই সর্দার হয়।"সিনেমায় দেবকে সর্দারের ভূমিকায় দেখা যাবে। ছবির প্রচারে দেব এবং টিম ইতিমধ্যেই বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন।

৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, শহর দুর্গাপুর থেকে ছবির প্রচার শুরু হয়। সেদিন সন্ধ্যায় দেব, যীশু সহ সকল তারকা উপস্থিত হন জংশন মলের সামনে। ভক্তদের উপচে পড়া ভিড়ে তাঁরা নাচ, গান এবং কথোপকথনে মাতিয়ে রাখেন। দেব সকলকে ছবির মুক্তির দিনেই 'খাদান' দেখার অনুরোধ জানান।

এর আগে ২ ডিসেম্বর প্রকাশিত হয় ছবির ট্রেলার, আর টিজার তো বহু আগেই দর্শকের নজর কেড়েছে। বড়দিনের উৎসব এবং দেবের জন্মদিনের মাঝেই ২০ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে সুজিত দত্ত পরিচালিত 'খাদান'। ফলে এই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা আরও বেড়ে গিয়েছে।

Share: