মাদক দ্রব্য পাচারের চেষ্টায় এসটিএফের জালে ধরা পড়ল এক ব্যক্তি। ধৃতের নাম অজিত কুমার দাস, তিনি বুদবুদের মানকরের বাসিন্দা। বুধবার দুপুর ১টা নাগাদ ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে পানাগড়ের দার্জিলিং মোড়ের কাছে ঘোরাফেরা করার সময় সূত্র মারফত খবর পেয়ে এসটিএফের একটি দল তাকে আটক করে। তল্লাশির পর তার কাছ থেকে ১ কেজি ১২০ গ্রাম মাদক (মরফিন) উদ্ধার করা হয়। এরপর তাকে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ধৃতের কাছ থেকে দুটি ট্রেনের টিকিট ও একটি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। এসটিএফের জেরায় ধৃত মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা জানার জন্য এসটিএফ ও কাঁকসা থানার পুলিশ তদন্ত চালাচ্ছে।

