মদ্যপ পুলকার চালক গ্রেপ্তার, পুলিশি তৎপরতায় রক্ষা পেল খুদে পড়ুয়ারা। স্কুল থেকে ফিরছিল একদল খুদে পড়ুয়া। বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে এসবি মোড় হয়ে কোকওভেন থানার সুভাষপল্লী এলাকায় যাচ্ছিল তাদের পুলকার। পুলকারটি ছুটছিল তীব্র গতিতে। এসবি মোড়ের কাছে পুলকার চালকের গতিবিধি দেখে সন্দেহ হয় মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশের।
ট্রাফিক পুলিশ পুলকার থামিয়ে চালকের মদ্যপ অবস্থার প্রমাণ পায় ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে পরীক্ষা করার পর। ধৃত চালক শিব শঙ্কর টুডু, যার বাড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে এবং কোকওভেন থানার পুলিশের হাতে তুলে দেয়।
মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ খুদে পড়ুয়াদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তাদের এই ভূমিকায় সন্তুষ্ট অভিভাবকরা। দুর্গাপুর কমিশনারেটের ট্রাফিক গার্ডের এসিপি ও রাজকুমার মালাকার বলেন, "এসবি মোড়ে চেকপোস্টে পুলকারের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় সেটি আটকানো হয়। চালক মদ্যপ অবস্থায় থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।"

