Due to continuous rainfall, the Panagarh Block Primary Health Centre is waterlogged.
একনাগাড়ে বৃষ্টির জোরে পশ্চিম বর্ধমানের পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল হয়ে পড়েছে। রাতভর প্রবল বর্ষণের ফলে গোটা হাসপাতাল এলাকা জলমগ্ন হয়ে নদীর মতো জল বইছে চতুর্দিক দিয়ে। আউটডোর থেকে ইনডোর—প্রায় সব বিভাগেই জমে থাকা জলে রোগী ও তাঁদের পরিজনরা চরম দুর্ভোগে পড়েছেন। শুক্রবার সকালে দেখা যায়, হাসপাতালের ভেতর ও বাইরের প্রতিটি কোণ জলমগ্ন। রোগীদের আত্মীয়রা কোথাও ইটের উপর দাঁড়িয়ে, কোথাও বা একটু উঁচু জায়গা খুঁজে আশ্রয় নিয়েছেন। সামনের নোংরা জল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, ফলে সংক্রমণের ভয় আরও বাড়ছে। এক রোগীর পরিজনের কথায়, *“এমন অবস্থায় ভেতরে ঢুকতেই ভয় করছে, চিকিৎসা করানো তো দূরের কথা।” এক চিকিৎসক জানিয়েছেন, জল জমে সমস্যার সৃষ্টি হলেও পরিষেবা যাতে বন্ধ না হয় তার ব্যবস্থা করার চেষ্টা চলছে।

