Saturday, 20 Jun 2026

সংস্কারের অভাবে আগাছায় ঢেকেছে শিশু উদ্যান

IMG

শিশু উদ্যানের আর চিহ্নমাত্র নেই। চারিদিকে আগাছায় ভর্তি। হয়না সংস্কার। লক্ষ লক্ষ টাকা ব্যয় তৈরি শিশু উদ্যান আজ আগাছায় ঢেকেছে। চারদিকে আগাছার জঙ্গল, খেলার সরঞ্জাম চুরি হয়ে গেছে—এমনই অবস্থা মদনপুর পঞ্চায়েতের বাবুইসোল শিশু উদ্যানের। পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, একশ দিনের প্রকল্প চালু হলে পুনরায় সংস্কার করে পার্কটি পুনর্জীবিত করা হবে।


২০১৭-১৮ অর্থ বর্ষে অন্ডাল ব্লকের মদনপুর গ্রাম পঞ্চায়েতের বাবুইসোল এলাকায় একশ দিনের প্রকল্পের আওতায় তৈরি হয়েছিল একটি শিশু উদ্যান। এলাকার সৌন্দর্যায়ন ও শিশুদের মনোরঞ্জনের জন্যই পার্কটি নির্মিত হয়। প্রায় ৫ লক্ষ টাকা খরচ করে বেশ কয়েক বিঘা জায়গায় এই উদ্যানটি তৈরি করা হয়।


শুরুতে শিশুদের খেলার জন্য পার্কে দুটি দোলনা এবং অন্যান্য খেলার সরঞ্জাম বসানো হয়েছিল, বিশ্রামের জন্য ছিল একটি সেড। বিকেলের বেলা অভিভাবকদের সঙ্গে শিশুরা পার্কে ভিড় করত। কিন্তু পরবর্তীতে দীর্ঘদিন সংস্কারের অভাবে পার্কটি আগাছায় ভরে যায় এবং জঙ্গলে পরিণত হয়। 


এছাড়া, খেলার সরঞ্জামগুলি চুরি হয়ে যায়। পার্কের চারপাশে থাকা লোহার পোল ও তারও চুরি হয়ে যায়। স্থানীয়রা চান, পার্কটি সংস্কার করে পুনরায় চালু করা হোক। মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ দেওয়াসি জানিয়েছেন, শিশুবাগানটি ১০০ দিনের প্রকল্পে তৈরি হয়েছিল। কেন্দ্র থেকে টাকা না পাওয়ায় ওই প্রকল্পটি দীর্ঘ দু'বছর ধরে বন্ধ রয়েছে, তবে প্রকল্প চালু হলে পার্কটি সংস্কার করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

Share: