Saturday, 20 Jun 2026

মাইথন, পাঞ্চেত ও দুর্গাপুর থেকে জল ছাড়ায় বন্যার সম্ভাবনা দক্ষিণবঙ্গে

IMG

প্রবল নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ অঞ্চল। সোমবার দুপুর পর্যন্ত নিম্নচাপটি দক্ষিণবঙ্গজুড়ে তাণ্ডব চালায়। তবে দুপুরের পর থেকেই নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে গেলে দামোদর ও অজয় নদে জলস্তর বাড়তে শুরু করে। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডের তেনুঘাট, পাঞ্চেত ও মাইথন বাঁধ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত পাঞ্চেত ও মাইথন থেকে ২ লক্ষ ৪০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকেও ১ লক্ষ ৩৩ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে চাপ সামলাতে। এত বিশাল পরিমাণে জল ছাড়ার ফলে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি ও হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সেচ দপ্তরের সূত্র অনুযায়ী, দামোদরের তীরবর্তী এলাকার মানুষদের ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজার আগেই বর্ধমান, হাওড়া, হুগলি, খানাকুল ও আরামবাগের দামোদর তীরবর্তী এলাকাগুলিতে বন্যার প্রবল সম্ভাবনা রয়েছে।

Share: