রাজ্যের সরকারি স্কুলগুলোতে ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত পালিত হল ছাত্র সপ্তাহ, সরকারি নির্দেশ অনুযায়ী। এই সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ দিনে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে দেখা গেল এক অভিনব উদ্যোগ। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হল এক খাদ্য মেলা। ৩০টি স্টলে ছিল নানা ধরনের মুখরোচক খাবারের সম্ভার, যেখানে বিক্রেতার ভূমিকায় ছিল বিদ্যালয়ের পড়ুয়ারাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ডক্টর কলিমুল হক জানান, রান্না একটি শিল্প এবং কোনো কাজই ছোট নয়। পড়ুয়াদের মধ্যে যেকোনো কাজ করার মনোবল গড়ে তোলার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও, পড়ুয়াদের আগামী দিনের পথনির্দেশ প্রদানের জন্য আয়োজন করা হয়েছিল "মিট দা আইকন" নামে একটি বিশেষ কর্মসূচি। এখানে উপস্থিত অতিথিরা বাল্যবিবাহ প্রতিরোধ এবং যুবসমাজের ক্ষমতায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের শিক্ষা দপ্তরের অতিরিক্ত জেলাশাসক ডব্লিউবিসিএস এক্স সঞ্জয় পাল, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই ভিন্নধর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করে পড়ুয়ারা অত্যন্ত আনন্দিত।

