Free Bus Travel for Women on Government Buses from June 1, Brings Cheer to Durgapur
অমৃতা দাশ,দুর্গাপুর, ১ জুন - রাজ্য সরকারের উদ্যোগে সোমবার, পহেলা জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হয়েছে। সোমবার সকাল থেকেই দুর্গাপুর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই নতুন পরিষেবা কার্যকর হয়।
পরিবহন দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, সরকার অনুমোদিত যে কোনও বৈধ পরিচয়পত্র প্রদর্শন করলেই মহিলা যাত্রীরা বিনামূল্যে যাত্রার সুবিধা পাচ্ছেন। বাসের কন্ডাক্টররা পরিচয়পত্র যাচাই করে যাত্রীদের ‘জিরো ভ্যালু’ টিকিট প্রদান করছেন।
নতুন এই পরিষেবা চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীরা। তাঁদের বক্তব্য, প্রতিদিন কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অন্যান্য প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে এই উদ্যোগ আর্থিকভাবে বিশেষ সহায়ক হবে।
এদিন পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকরা।
এই প্রসঙ্গে বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই বলেন, রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে মহিলাদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ, সাশ্রয়ী এবং স্বচ্ছন্দ হবে। পরিষেবাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসন ও পরিবহন কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। মহিলাদের যাতায়াতের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই।

