Wednesday, 05 Aug 2026

সময় মত খোলেনা সরকারি বিদ্যালয়, অভিযোগ স্থানীয়দের

IMG

কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের কোটালপুকুরের শিশু শিক্ষাকেন্দ্রে নির্দিষ্ট সময়ে তালা না খোলার অভিযোগ উঠেছে। প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ৫টি ক্লাসে ১৪ জন পড়ুয়া রয়েছে এই শিক্ষাকেন্দ্রে। সরকারি নিয়ম অনুযায়ী স্কুল খোলার সময় সকাল ১০ টা ৫০ মিনিটে হলেও, অভিযোগ উঠেছে যে শিক্ষক-শিক্ষিকা সাধারণত সাড়ে এগারোটার পরই আসেন।  

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, পড়াশোনা ঠিকমতো হয় না এবং পুষ্টিকর খাবারও সঠিক সময়ে মেলে না। অভিভাবক মালা বাউরি জানান, "কোনও দিন সাড়ে ১১ টা, আবার কোনও দিন ১২ টায় শিশু শিক্ষাকেন্দ্র খোলা হয়। আমরা চাইছি নির্দিষ্ট সময়ে শিক্ষা কেন্দ্র খোলা হোক, বাচ্চাদের ঠিকমতো পড়ানো হোক, এবং পুষ্টিকর খাবার দেওয়া হোক।" 

তৃতীয় শ্রেণীর পড়ুয়া ব্রতী বাউরি বলেন, "স্কুলে ঠিকমতো পড়াশোনা হয় না। শিক্ষকেরা ফোন দেখেন। পড়ানোর কথা বলা হলে অপেক্ষা করতে বলেন। মিড ডে মিলেও ভাল খাবার দেওয়া হয় না।"  

এদিন প্রধান শিক্ষক বিশ্বেশ্বর পাল শিশু শিক্ষা কেন্দ্রে ১১ টা ১৫ মিনিটে পৌঁছান, আর সহ শিক্ষিকা রেখা দে আসেন ১১ টা ৩৫ মিনিটে। প্রধান শিক্ষক বিশ্বেশ্বর পাল দেরির কারণ হিসেবে বলেন, "মেয়েকে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। অন্যদিন ১১টার আগেই পৌঁছে যাই।" সহ শিক্ষিকা রেখা দে বলেন, "সাইকেল খারাপ হয়ে যাওয়ার জন্য একটু দেরি হয়েছে। যারা অভিযোগ করছে, তারা ঘড়ি দেখতে জানে না।"  

এই অভিযোগের প্রেক্ষিতে, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share: