Tuesday, 04 Aug 2026

শিশির মঞ্চে আরএসএসের অনুষ্ঠানে রাজ্যপাল: ‘নতুন সূর্যের মুখ দেখেছে বাংলা’

IMG

Governor at RSS Event in Sisir Mancha: "Bengal Has Witnessed the Dawn of a New Sun"

কলকাতার শিশির মঞ্চে রবিবার (৫ জুলাই) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর দক্ষিণবঙ্গ শাখার উদ্যোগে এবং বিশ্ব সংবাদ কেন্দ্র, দক্ষিণবঙ্গের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘নারদ জয়ন্তী উদযাপন ও নারদ সম্মাননা প্রদান ২০২৬’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি।

অনুষ্ঠানে কর্মরত তরুণ সাংবাদিকদের পাশাপাশি অবসরপ্রাপ্ত একাধিক প্রবীণ সাংবাদিককে সাংবাদিকতায় তাঁদের স্বতন্ত্র অবদানের জন্য সম্মাননা জানানো হয়।

বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, দীর্ঘ সময় অন্ধকারে থাকার পর বাংলা আজ নতুন সূর্যের মুখ দেখেছে। তাঁর দাবি, এই পরিবর্তন বাংলার মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি আরও বলেন, “আগামী দিনে বাংলার অগ্রগতি যতটা হবে, ভারতের অগ্রগতিও ততটাই হবে।”

দেশের সাম্প্রতিক অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরে রাজ্যপাল বলেন, একসময় বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে দ্রুত এগিয়ে চলেছে। একই সঙ্গে তিনি সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের অবস্থানের কথা উল্লেখ করেন। ডোকলাম সীমান্তে চীনের মুখোমুখি অবস্থান এবং পহেলগামের জঙ্গি হামলার পর ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানকে জবাব দেওয়ার প্রসঙ্গও তাঁর বক্তব্যে উঠে আসে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ড. কল্যাণ চক্রবর্তী। তিনি বলেন, “আমি নিজেও এক সময় একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি সাপ্তাহিক ‘অর্গানাইজার’-এর সম্পাদক প্রফুল্ল কেতকর। তিনি সংবাদমাধ্যমের ভূমিকা, দায়িত্ব ও বর্তমান সময়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরএসএস-এর সহ ক্ষেত্র প্রচার প্রমুখ ও চিন্তাবিদ ড. জিষ্ণু বসু। তিনি বলেন, “সংবাদজগতে যাঁরা মাথা উঁচু করে লড়াই করেন, কলকাতা বা বাংলা তাঁদের কখনও ভোলে না।”

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরএসএস দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায়সহ অন্যান্য অতিথিরা।

Share: