Saturday, 20 Jun 2026

মহা ধুমধামের সাথে কালী আরাধনায় মেতে ওঠেন বিদ্যাধরপুর গ্রামের বাসিন্দা তপন দত্ত

IMG

অমাবস্যা তিথিতে মহা ধুমধাম সহকারে শক্তি আরাধনায় মেতে উঠল বাঁকুড়ার বিদ্যাধরপুর গ্রাম। কালীপুজো উপলক্ষে টানা তিন দিন ধরে চলল নানা অনুষ্ঠান। নরনারায়ণ সেবা, রক্তদান শিবির এবং দুঃস্থদের কম্বল বিতরণের মাধ্যমে মানব সেবায় ব্রতী হলেন কালীসাধক তপন দত্ত ও তাঁর পরিবার।  


প্রথমে রাঙ্গামাটি এলাকায় এই জগতারিণী কালীপুজোর সূচনা করেছিলেন তপন দত্ত। কয়েক বছর সেখানে সাধনার পর, তিনি নিজের বাড়িতে মাকে নিয়ে আসেন। এরপর টানা ১৪ বছর ধরে বিদ্যাধরপুর গ্রামে মহা ধুমধামের সঙ্গে হয়ে আসছে এই কালীপুজো। দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই পুজোয় অংশ নিতে।  


শুধু পুজো নয়, সমাজসেবামূলক কাজেও অগ্রণী ভূমিকা নেয় দত্ত পরিবার। পুজো পাঠের পাশাপাশি আয়োজন করা হয় নরনারায়ণ সেবা। প্রতিবছরের মতো এবারও একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে ৮১ জন (পুরুষ ও মহিলা) স্বেচ্ছায় রক্তদান করেন। পরদিনই বিদ্যাধরপুর ও আশেপাশের গ্রামের দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় কম্বল।  


পুজোর আনন্দকে দ্বিগুণ করে তোলে বাউল গান, কীর্তন ও বিভিন্ন ভক্তিমূলক গানের পরিবেশনা। সমাজের আর্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তপন দত্ত ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান গ্রামের বাসিন্দারা।


Share: