Grand Launch of CBSE Cluster-II Kabaddi Tournament 2025 in Durgapur
স্বাধীনতা দিবসের আবহে শিল্পাঞ্চল দুর্গাপুরে শুরু হল তিনদিনব্যাপী সিবিএসই ক্লাস্টার–টু কাবাডি টুর্নামেন্ট ২০২৫ । বেনাচিতির গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুলের উদ্যোগে শুক্রবার এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এই নকআউট কাবাডি প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ছত্তিশগড়ের ২১টি স্কুলের প্রায় ৪০টি দল অংশ নিচ্ছে। অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ এই তিন বিভাগে মিলিয়ে প্রায় ৮০০ জন ছাত্রছাত্রী খেলোয়াড় হিসেবে মাঠে নামছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।
উদ্বোধনী দিনে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এর পরেই কাবাডি টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের *পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, এনআইএস কোচ মোহন মণ্ডল, অর্জুন পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক পদকজয়ী ভগীরথ সামুই, দুর্গাপুর নগর নিগমের বোর্ড সদস্য দীপঙ্কর লাহা, চেম্বার অব কমার্স সভাপতি চন্দন দত্ত, হেলথ ওয়ার্ল্ড হাসপাতালের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট কমলেন্দু মিশ্র*, সমাজকর্মী হরদীপ সিং ও রামকৃষ্ণ মুখোপাধ্যায়, ‘দ্য মাদার্স পাবলিক স্কুল’-এর অবজারভার মহঃ হুসেইন, প্রিন্সিপাল সুতপা আচারিয়া এবং শিক্ষক-শিক্ষিকারা।
গত ৫০ বছর ধরে দুর্গাপুরের গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুল শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষতার পরিচয় দিয়ে আসছে। শুধু পড়াশোনাই নয়, ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশেও প্রতিষ্ঠানটির ভূমিকা বিশেষভাবে প্রশংসিত।
১৫ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলবে এই কাবাডি টুর্নামেন্ট। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য কেবল প্রতিভা প্রকাশ নয়, বরং মৈত্রী, সম্প্রীতি ও স্বাস্থ্যকর প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলা।

