প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়রা দেখেন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে একটি বড় আকারের বন্যজন্তু। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে, এবং ভিড় জমে যায়। পরে তারা বুঝতে পারেন, এটি একটি হিংস্র হায়নার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের ইস্পাত নগরীর ৮নং ওয়ার্ডের আর্টিরিয়াল রোড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত হায়নাটি উদ্ধার করে স্থানীয়রা পাশের বস্তিতে নিয়ে যান। এরপর ভিড় আরো বৃদ্ধি পায়। খবর দেওয়া হয় দুর্গাপুর বন বিভাগে। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত হায়নাটিকে উদ্ধার করে নিয়ে যান।
বনদপ্তর সূত্রে জানা গেছে, এই হায়নাটি পূর্ণবয়স্ক। এই জঙ্গলে হায়না সহ একাধিক বিরল প্রজাতির জীবজন্তু রয়েছে। তবে, গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি। সিসি টিভি ফুটেজ দেখে গাড়িটির সন্ধানে তল্লাশি চালানো হবে। স্থানীয় মহিলা মামনি বাস্কে বলেন, "আমরা মাঝেমধ্যে এই ধরনের জন্তু দেখতে পাই, তবে আমরা বুঝতে পারি না এটি কি। আমরা ভাবতাম শিয়াল। আজ বুঝলাম এটি হিংস্র হায়না। এতে আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আমাদের এলাকার পাশেই জঙ্গল রয়েছে, সেখানে আরো এরকম জন্তু থাকতে পারে। আমাদের ছেলেমেয়েরাও জঙ্গলের ধারে খেলে। তাই বনদপ্তর আর পুলিশকে নজরদারি বাড়াতে হবে।"
দুর্গাপুর বনদপ্তরের কর্মী সুমন দেব মল্লিক বলেন, "খবর পেয়ে আমরা পৌঁছই। এসে জানতে পারি, একটি হায়নার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে বনদপ্তরে নিয়ে যাওয়া হবে। ময়না তদন্তের মাধ্যমে মৃত্যুর আসল কারণ জানা যাবে। স্থানীয়দের দাবি অনুযায়ী, এলাকায় বনদপ্তরের কর্মী মোতায়েন করার জন্য আধিকারিকদের জানানো হবে।"

