'Kashimbazar Table Tennis Championship 2025' kicks off in Durgapur
রাজ্যে টেবিল টেনিসের বিকাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের প্রশংসা, দুর্গাপুরে শুরু 'কাশিমবাজার টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, ২০২৫'।
তৃণমূল সরকারের আমলে রাজ্যে ক্রীড়া সংস্কৃতির প্রভূত উন্নতি ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলায় জেলায় স্টেডিয়াম নির্মাণ ও সংস্কার, খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার ভূয়সী প্রশংসা করেছেন বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়।
এই প্রসঙ্গে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) তিনি উপস্থিত ছিলেন দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন সিধু কানহু স্টেডিয়ামে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য স্তরের (স্টেজ থ্রি) টেবিল টেনিস প্রতিযোগিতা — 'কাশিমবাজার টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, ২০২৫'।
২৭ আগস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের আয়োজন করেছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন এবং পৃষ্ঠপোষকতা দিচ্ছে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস. পোন্নামবালাম, মহকুমা শাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়, জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল, আন্তর্জাতিক পদকজয়ী ভারোত্তোলক সীমা দত্ত চট্টোপাধ্যায়, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধীরেশ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এছাড়াও প্রতিযোগিতা প্রাঙ্গনে হাজির ছিলেন রাজ্য টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শর্মী সেনগুপ্তা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
৩১ আগস্ট পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫১৯ জন টেবিল টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিটি গ্রুপের জয়ীদের পদক, নগদ পুরস্কার ও মানপত্র দিয়ে সম্মানিত করা হবে।

