Saturday, 20 Jun 2026

এই নির্বাচন যেন 'পান্ডব' বনাম 'কৌরব' এর যুদ্ধ - পাণ্ডবেশ্বর থেকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

IMG

“This election is like a war between the ‘Pandavas’ and the ‘Kauravas’” — comment by Mamata Banerjee from Pandabeswar.

নির্বাচনের দামামা বেজে উঠতেই রাজনৈতিক লড়াই আরও তীব্র আকার নিচ্ছে। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের সভা থেকে বৃহস্পতিবার সেই লড়াইকে মহাভারতের সঙ্গে তুলনা টেনে ব্যাখ্যা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এই নির্বাচন যেন ‘পাণ্ডব’ বনাম ‘কৌরব’-এর যুদ্ধ—যেখানে তৃণমূল নিজেদের ন্যায়ের পক্ষে এবং বিজেপিকে অন্যায়ের প্রতীক হিসেবে তুলে ধরেছে। সভামঞ্চ থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, এখনও পর্যন্ত ভোটার তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে, অথচ বিজেপি নিজের মতো কাজ চালিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে কমিশনের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ টেনে মমতা বলেন, পশ্চিম বর্ধমান জেলার সৃষ্টি থেকে শুরু করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট, অন্ডাল বিমানবন্দর এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প তৃণমূল সরকারের সময়েই বাস্তবায়িত হয়েছে।

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগও এদিন জোর দিয়ে তুলে ধরেন তিনি। তাঁর দাবি, আগেই বিজেপি যে বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার কথা বলেছিল, এখন বাস্তবে সেটাই ঘটছে—যা থেকে স্পষ্ট, সব কিছু আগেভাগেই পরিকল্পনা করা ছিল। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তাঁর গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। বিশেষ করে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আগে যেখানে দাম অনেক কম ছিল, এখন তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে তিনি জানান, আবার ক্ষমতায় এলে ‘দুয়ারে স্বাস্থ্য’ কর্মসূচির মাধ্যমে ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে।

Share: