মঙ্গলবার আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া এলাকায় পিএইচই জলের পাইপ লাইনের আন্ডারগ্রাউন্ডে কাজ করার সময় উপরের মাটি ধসে পড়ে। এই ঘটনায় ৪ জন শ্রমিক গুরুতর আহত হন। তবে তিনজন শ্রমিকের মৃত্যু হয় এবং একজন আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ সক্রিয় ভূমিকা নিচ্ছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে আসেন এসডিএম, বিডিও এবং পিএইচই দপ্তরের আধিকারিকরা। ঘটনাস্থলটি ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে।
বুধবার সকালে পুনরায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন পিএইচই দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারদের দুই প্রতিনিধি দল। পরিদর্শনে আসা আধিকারিকরা ঘটনাস্থল পুরো খতিয়ে দেখেন।
এরপর ঘটনাস্থলে উপস্থিত হন বাম নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। তারা মৃত কুলটির চিনাকুড়ির শ্রমিকের বাবাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। ক্ষতিপূরণ এবং ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে বাম নেতা বংশ গোপাল চৌধুরী মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলেন।

