Saturday, 20 Jun 2026

দুর্গাপুরে বামেদের প্রার্থী ঘোষণা, শিল্পাঞ্চলে শুরু নির্বাচনী প্রস্তুতি

IMG

Left parties announce their candidate in Durgapur; election preparations begin in the industrial belt.

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি শুরু করে দিল বামফ্রন্ট। সোমবার দুর্গাপুরে দলের জেলা কার্যালয় বিমল দাশগুপ্ত ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে দুর্গাপুরের দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে সিপিআইএমের প্রার্থী হিসেবে লড়বেন প্রভাস সাঁই। অন্যদিকে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের জন্য বামফ্রন্টের প্রার্থী করা হয়েছে সীমান্ত চ্যাটার্জিকে। প্রার্থী ঘোষণার সময় তাঁদের পাশে বসিয়েই জেলা নেতৃত্ব আগামী নির্বাচনের পরিকল্পনা ও লড়াইয়ের কৌশল তুলে ধরেন।

বাম নেতৃত্বের বক্তব্য, শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা কারখানা, রুগ্ন শিল্প এবং বাড়তে থাকা বেকারত্বই এবার নির্বাচনের মূল ইস্যু হতে চলেছে। তাঁদের দাবি, গত কয়েক বছরে দুর্গাপুর ও আশপাশের এলাকায় কর্মসংস্থানের সুযোগ কমেছে এবং নাগরিক পরিষেবার মানও খারাপ হয়েছে। এই সমস্যাগুলিকেই সামনে রেখে তাঁরা ভোটের ময়দানে নামবেন।

সাংবাদিক বৈঠকে আরও জানানো হয়, প্রার্থী ঘোষণার পর থেকেই সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী করার কাজ শুরু হয়েছে। বাড়ি বাড়ি প্রচার, ছোট ছোট সভা এবং জনসংযোগের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্গাপুর পূর্ব ও পশ্চিম—এই দুই আসনই শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফলে বামেদের প্রার্থী ঘোষণা ঘিরে ওই এলাকায় নির্বাচনী লড়াই আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে।

Share: