Main accused still absconding, says Odisha Women’s Commission Chief
দুর্গাপুরে নির্যাতিতা ঘটনার তদন্তে নতুন মোড়। সোমবার সন্ধ্যায় উড়িষ্যা মহিলা কমিশনের চেয়ারপার্সন শোভনা মহান্তি নিজে আই কিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে নির্যাতিতা ও তাঁর বাবার সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন কমিশনের আরও দুই সদস্য। প্রায় তিন ঘণ্টা ধরে তাঁরা হাসপাতালের ভিতরে অবস্থান করেন এবং চিকিৎসা ও তদন্ত সংক্রান্ত নানা দিক খতিয়ে দেখেন।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভনা মহান্তি বলেন, “নির্যাতিতার চিকিৎসা আরও উন্নত পর্যায়ে হওয়া প্রয়োজন। ওর শারীরিক ও মানসিক অবস্থা খুবই নাজুক।” তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করে বলেন, “মুখ্যমন্ত্রী নিজেও একজন মহিলা। তাই রাতের সময়ে মহিলাদের বাইরে বেরোনো নিয়ে এমন মন্তব্য শোভন নয়।”
সবচেয়ে উদ্বেগের বিষয়, তাঁর কথায়, “এই ঘটনার মূল অভিযুক্ত এখনো অধরা। তদন্তে আরও দ্রুততা আনা উচিত।”
ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের ভূমিকা ও তদন্তের গতি নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।

