ডাকাতদের হাতেনাতে পাকড়াও করল পুলিশ। শহর দুর্গাপুরে ডাকাতির ছক বানচাল করল পুলিশ। কালীপুজোর আগে বড়সড় সাফল্য দুর্গাপুর থানার পুলিশের। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দশজন দুষ্কৃতিকে গ্রেফতার করলেন তারা। সূত্রের খবর, দুর্গাপুর থানার সবুজ নগর এলাকার ঘন জঙ্গলে ডাকাতির পরিকল্পনা নিয়ে জমায়েত হয়েছিল ওই দুষ্কৃতীরা। রবিবার মধ্যরাত্রে গোপন সূত্রে খবর পেয়ে, সশস্ত্র পুলিশ বাহিনী দ্রুত অভিযান চালিয়ে দশজনকে আটক করে। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলেও পুলিশ তাদের পাকড়াও করে। দুষ্কৃতিদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল, গ্যাস কাটার, ভোজালি, শাবল ও লোহার রড বাজেয়াপ্ত করা হয়। সোমবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে, পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। পুলিশ জানিয়েছে, এই দলের সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা, তা নিয়ে তারা তদন্ত চালাবে।

