পাণ্ডবেশ্বর বিধানসভার ৬০,০০০ মায়েদের হাতে বস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা করা হলো। মঙ্গলবার দুপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বহুলা স্কুল মাঠে আয়োজিত বস্ত্রদান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী, পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায়, বীর বাহাদুর সিংসহ অন্যান্য ব্লক তৃণমূল নেতৃত্ব। পূজা প্রাক্কালে পাণ্ডবেশ্বর বিধানসভার ১২টি পঞ্চায়েত এলাকার মায়েদের হাতে শাড়ি তুলে দেওয়া হবে।
আজকের শিবিরে বহুলা পঞ্চায়েতের প্রায় ৫৫০০ জন এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েতের প্রায় ৫০০০ জন মহিলার হাতে দুর্গাপূজার জন্য নতুন শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়েছে। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "এটা নতুন কিছু নয়, প্রতি বছরের মতো এবারও পাণ্ডবেশ্বর বিধানসভার সকল মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হবে। আজ তারই শুভ সূচনা হলো। শাড়ি দেওয়ার চেয়ে বড় কথা হলো, আমাদের ডাকে সাড়া দিয়ে প্রত্যেক মা এখানে এসেছেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

