পাণ্ডবেশ্বর বিধানসভার ছোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার শংকরপুর মাঝিপাড়ায় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল হইতে নব নির্মিত আদিবাসী সাংস্কৃতিক ভবনের শুভ উদ্বোধন করা হল। শনিবার পাণ্ডবেশ্বর ব্লকের ছোড়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর মাঝি পাড়ায় আদিবাসী সাংস্কৃতিক মঞ্চের নতুন ভবনের উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিধায়ক তহবিলের ১০ লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক এই সাংস্কৃতিক ভবনটি নির্মাণ করা হয়েছে। এদিন ফিতে কেটে নতুন ভবনটির উদ্বোধন করেন তিনি।
উল্লেখ্য, ছোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় বেশ কিছু আদিবাসী জনজাতির মানুষ ছড়িয়ে রয়েছেন। শঙ্করপুর মাঝিপাড়া সংলগ্ন মাঠটি এই জনজাতি মানুষের মিলনের অন্যতম প্রাণকেন্দ্র। তাই মাঝি পাড়াতেই সাংস্কৃতিক ভবনটি নির্মাণ করা হয়েছে।
বিধায়ক জানান, আদিবাসী জনজাতির মানুষজন তাদের নিজস্ব সংস্কৃতির চর্চা ও প্রসারে এই নতুন ভবনটি ব্যবহার করবেন। তিনি আরও বলেন, ভবনটি আদিবাসী সম্প্রদায়ের মানুষের সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

