Mobile and Bike Theft in Andal: Four Miscreants Arrested, 8 Mobile Phones and 4 Stolen Bikes Recovered
সাম্প্রতিককালে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার অন্তর্গত কাজোড়া মোড় এলাকায় দুটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। বেশ কিছু দামি মোবাইল সেট নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে কাজোড়া মোড় সংলগ্ন সরিষাডাঙ্গা এলাকার বাসিন্দা জগন্নাথ রুইদাস ও ভূইয়া পাড়ার রাজা ভূঁইয়াকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ উদ্ধার করে চুরি যাওয়া ৮টি মোবাইল ফোন।
অন্যদিকে, বাইক চুরির একটি ঘটনায় অভিযুক্তদের সন্ধানে অন্ডাল থানার পুলিশ যায় প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের সারোয়ান থানা এলাকায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় বিজয় দাস ও মনোজ কুমার মন্ডল নামে দুই দুষ্কৃতীকে। তাদের ডেরা থেকে উদ্ধার হয় ৪টি চুরি হওয়া বাইক।
মঙ্গলবার ধৃত চার অভিযুক্তকে পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, চুরি যাওয়া বাকি সামগ্রী উদ্ধারের জন্য ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তদন্ত চলছে বলেও জানান এক তদন্তকারী অফিসার।

